...|...|...

সারাদেশ

অপ্রতীমের মৃত্যুতে স্বরাষ্ট্রসচিবকে ফোন, কাঁদলেন এমপি মনিরুল হক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৬
Shares
অপ্রতীমের মৃত্যুতে স্বরাষ্ট্রসচিবকে ফোন, কাঁদলেন এমপি মনিরুল হক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে ফোন করে কাঁদলেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্রসচিবকে ফোন করেন এমপি মনিরুল হক। এ সময় অপ্রতীমের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রসচিবের প্রতি অনুরোধ জানান।

এমপি মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ফোনে নিজের পরিচয় দিয়ে মনিরুল হক বলেন, আমি মনিরুল হক চৌধুরী বলছিলাম। ভাই, সরি যে আমি কান্নার মধ্যে... শুনছেন তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে কী ঘটনা ঘটেছে। আমি কল করেছি যে আপনি জানেন কি না। এই ব্যাপারে একটু ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য।

জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, জি স্যার, শুনেছি। আমরা সেটা নিয়েই ব্যবস্থার চিন্তা করছি, কী করব। আমি রিপোর্টটা পেয়েছি এবং দেখছি।

পরে এমপি মনিরুল হক বলেন, একেবারে অসহনীয় সিচুয়েশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেনশন।

এদিকে, অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার বাসায়ও যান এমপি মনিরুল হক চৌধুরী। সেখানে তিনি অপ্রতীমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

১৩ বছর বয়সী অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।