নিউজের মান বজায় না থাকলে পোর্টালের পাঠক ও ভিউজ বাড়বে না। তাই মানসম্মত অনলাইন সংবাদমাধ্যম পরিচালনায় পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মান বজায় রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়। মান ঠিক না থাকলে ভিউজও হবে না, কোয়ালিটি ভালো না হলে মানুষ আগ্রহ নিয়ে নিউজ পোর্টালে আসবে না। কাজেই মান বজায় রাখার জন্য পেশাদার সাংবাদিকদের নিজ নিজ পোর্টালে সম্পৃক্ত করতে হবে।’
অনলাইন নিউজ পোর্টাল মালিকদের উত্থাপিত দাবিগুলোর অধিকাংশই যৌক্তিক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তবে নতুন সরকার সবকিছু এক দিনে বাস্তবায়ন করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, সরকার গণমাধ্যমকে সব ধরনের সহযোগিতা করতে চায়।
এ সময় সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে জনগণের ত্যাগের বিষয়টি স্মরণে রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারের মূল নীতি একটাই—‘সবার আগে বাংলাদেশ’।

