...|...|...

খেলা

অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন হামজা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ৯:৫২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, রাত ৩:৩৫
Shares
অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন হামজা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। কোচ দায়িত্ব দিলে অধিনায়ক হতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। তবে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়ে অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কোচের ওপরই ছেড়ে দিয়েছেন এই ফুটবলার।

মঙ্গলবার (১০ নভেম্বর) বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’

ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের হয়ে হামজার পথচলা শুরু হয়েছে ২০২৫ সালের মার্চে। অন্যদিকে বাংলাদেশ দলে এমন অনেক ফুটবলার রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে খেলছেন এবং জাতীয় দলের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের প্রতি সম্মান জানিয়ে হামজা বলেন, দলে তার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। তাই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা উচিত।

অধিনায়কত্ব নিয়ে আলোচনা থাকলেও দলের ভেতরের ঐক্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন হামজা। তার মতে, ড্রেসিংরুমে সবাই একই লক্ষ্যে কাজ করছেন। পুরো দলকে একটি পরিবারের মতো মনে হয়। অধিনায়কত্বের বিষয়ে যে সিদ্ধান্তই আসুক, দলের ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েও কথা বলেছেন এই তারকা ফুটবলার। ২০০৩ সালের পর আবারও সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা। সমর্থকদের সেই প্রত্যাশা সম্পর্কে হামজা বলেন, দেশবাসী শিরোপা চায়। তার নিজের এবং দলের মধ্যেও আত্মবিশ্বাস রয়েছে।

সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবং ভারতের বিপক্ষে জয়ের প্রসঙ্গ তুলে হামজা বলেন, দলের আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে। আসন্ন টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জয়ের চেষ্টা করবেন তারা।

২০২৫ সালের মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজার। এরপর এশিয়ান কাপ বাছাইপর্বের ছয়টি ম্যাচের পাশাপাশি নেপাল ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি। এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন এই মিডফিল্ডার।

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রত্যাশার পাশাপাশি চাপও রয়েছে বলে স্বীকার করেছেন হামজা। তিনি বলেন, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। দলের ওপর প্রত্যাশার চাপ থাকলেও সবাই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। ইনশা আল্লাহ, বাংলাদেশ এবার সাফ চ্যাম্পিয়ন হতে চায়।