ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কর্মসংস্থান অক্ষুণ্ন রাখা, পরিবেশ সুরক্ষা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনায় নিয়েই নতুন নীতিমালা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
অটোরিকশার ক্রমবর্ধমান সংখ্যা এবং এর ফলে নগরজীবনে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরে রেহানা আক্তার রানু বলেন, রাজধানীতে প্রতিদিন নতুন করে বিপুলসংখ্যক অটোরিকশা যুক্ত হচ্ছে। এতে সড়কে যানজট ও বিশৃঙ্খলা বাড়ার পাশাপাশি চার্জিংয়ের জন্য উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে অটোরিকশার চার্জিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে এই খাতে বিপুল মানুষের জীবিকা জড়িত থাকায় বিকল্প ব্যবস্থা ছাড়া অটোরিকশা জব্দ, ডাম্পিং বা চালকদের হয়রানি না করার আহ্বান জানান সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
তিনি প্রধান সড়কের পরিবর্তে ভেতরের বা স্থানীয় সড়কগুলোতে অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার প্রস্তাব করেন। পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জিং ব্যবস্থা চালু, বিআরটিএর নিবন্ধন বাধ্যতামূলক করা এবং রাজধানীতে অঞ্চলভিত্তিক জোনিং ব্যবস্থা প্রবর্তনের পরামর্শ দেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার সাথে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিধি-বিধান ও নীতিমালা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, নতুন ব্যবস্থায় কোন ধরনের সড়কে অটোরিকশা চলতে পারবে, তা নির্দিষ্ট করে দেওয়া হবে। প্রধান প্রধান সড়কে এসব যানবাহনের চলাচল ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিমালা বাস্তবায়নের সময় অটোরিকশাচালকদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। একই সাথে পরিবেশ ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
বর্তমানে ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ব্যাটারি ব্যবহারের ব্যবস্থা করা হবে, যা ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। একটি নিবন্ধনের আওতায় যাতে অনিয়ন্ত্রিতভাবে একাধিক যানবাহন পরিচালনা করা না যায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে চার্জিং স্টেশন পরিচালনার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সাথে বিভিন্ন দফতরের অসাধু ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
সব দিক বিবেচনা করেই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এর বাস্তবায়নের মাধ্যমে যেন বেকারত্ব না বাড়ে, মানুষের কর্মসংস্থান ব্যাহত না হয়, পরিবেশ সুরক্ষিত থাকে এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়—সেদিকেই গুরুত্ব দেওয়া হবে।


