লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কয়েকদিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। অভিযুক্ত অন্তর মজুমদার গণপিটুনিতে নিহত হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং তার সাথে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না- এ নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে নিহত পরিবারের স্বজন ও এলাকাবাসী। একই সাথে সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের। অনেকেই বলছেন, চোখ বন্ধ করলেই ভেসে ওঠে রক্তাক্ত চারটি নিথর দেহ।
গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার আমীর মাস্টারের ভাড়া বাসায় শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তারকে (৯) নির্মমভাবে হত্যা করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন অভিযুক্ত অন্তর মজুমদার (২৪)। গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও একই ভবনের বাসিন্দা আফরোজা বেগম রানী জানান, সকালে বাসা থেকে চিৎকার শুনে তিনি জানালা দিয়ে ভেতরে এক যুবককে দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি তাৎক্ষণিকভাবে বাইরে থেকে ভবনের প্রধান ফটক আটকে দেন। এতে অভিযুক্ত অন্তর ভবনের ভেতরে আটকা পড়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাসায় ঢুকে চারজনের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
তিনি আরও জানান, আটকা পড়ার পর অন্তর ভবনের ছাদে উঠে পাশের একটি ভবনের ছাদে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর প্রায় এক বছর আগে একই ভবনের পঞ্চম তলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। আট মাস আগে তিনি বাসা ছেড়ে চলে গেলেও ভবনের পরিবেশ, বাসিন্দাদের চলাফেরা এবং শাহীনুর বেগমের দায়িত্ব সম্পর্কে তার ধারণা ছিল।
নিহত শাহীনুর বেগমের ছোট ভাই ছানা উল্লাহ বলেন, তার বোনের কাছে কিছু স্বর্ণালংকার ছিল। সেগুলো লুট করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে এর পেছনে অন্য কোনো রহস্য বা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে বের করার দাবি জানান তিনি।
মামলার বাদী ও নিহত শাহীনুর বেগমের একমাত্র ছেলে জুনায়েদ ইসলাম সিফাত বলেন, বাড়িওয়ালা অনুপস্থিত থাকলে ভবনের ভাড়াটিয়ারা তার মায়ের কাছেই ভাড়ার টাকা জমা দিতেন। পরে বাড়িওয়ালা এসে সেই টাকা নিয়ে যেতেন। এছাড়া পুরো ভবনের দেখভালের দায়িত্বও তার মায়ের ওপর ছিল। অন্তর এসব বিষয় জানতেন। তাই ভাড়ার টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে হামলা হয়ে থাকতে পারে। তবে শুধু এই ধারণার ওপর নির্ভর না করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তার ভাষায়, যদি অন্তর মজুমদার ছাড়া অন্য কেউ এ ঘটনায় জড়িত থাকে, তাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
একজন মানুষের পক্ষে একাই চারজনকে এভাবে কুপিয়ে হত্যা করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, একটি ছেলের পক্ষে একা চারজনকে খুন করা সম্ভব কি না, তা নিয়ে আমরা সবাই ধোঁয়াশার মধ্যে আছি। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো সহযোগী বা মাস্টারমাইন্ড আছে কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা উচিত।
এদিকে হত্যাকাণ্ডের পর পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্ক। বিশেষ করে যারা ঘটনাস্থলে গিয়ে চারজনের রক্তাক্ত লাশ দেখেছেন, তারা এখনো সেই বিভীষিকাময় স্মৃতি ভুলতে পারছেন না।
প্রতিবেশী তাহমিনা আক্তার বলেন, ঘটনার পর থেকে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে। জীবনে এমন ভয়াবহ ঘটনা দেখিনি।
আরেক প্রতিবেশী রাবেয়া বেগম বলেন, রাতে ঘুমাতে গেলেই সেই ঘটনার কথা মনে পড়ে। এলাকার অনেক নারী এখনো আতঙ্কে রয়েছেন। মা ও মেয়েগুলো খুব ভালো ছিল। তাদের এমন মৃত্যু আমাদের সবাইকে কাঁদাচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় ২০ থেকে ২২ বছর ধরে শাহীনুর বেগমের পরিবার রায়পুর শহরে ভাড়া বাসায় বসবাস করছিল। ভদ্র, শান্ত ও সবার সাথে সুসম্পর্কপূর্ণ এই পরিবারটি এলাকাবাসীর কাছে অত্যন্ত পরিচিত ছিল। শাহীনুর বেগমের তিন মেয়েই মেধাবী ও নম্র স্বভাবের ছিল। তাই তাদের এমন নির্মম মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো এলাকাকেই শোকাহত করেছে।
স্বজনরা জানান, ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাতের বাবা মারা যান। আর চলতি বছরের এই মর্মান্তিক ঘটনায় তিনি হারিয়েছেন মা ও তিন বোনকে। মাত্র কয়েক বছরের ব্যবধানে পুরো পরিবার হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
শুক্রবার বিকেলে জানাজা শেষে শাহীনুর বেগম ও তার তিন মেয়ের লাশ কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা অন্য কারও সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
একটি পরিবারের চারটি প্রাণ ঝরে যাওয়ার এই হৃদয়বিদারক ঘটনায় অভিযুক্ত ব্যক্তিও নিহত হওয়ায় তদন্তের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন সচেতন মহল। নিহত পরিবারের স্বজন, এলাকাবাসী ও সাধারণ মানুষের একটাই দাবি—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যের পুরো সত্য উদঘাটন হোক এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।

