...|...|...

অন্যান্য

শেখ হাসিনা গোপালগঞ্জে এসেছেন দাবি করে ২০২৩ সালের ভিডিও প্রচার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
Shares
শেখ হাসিনা গোপালগঞ্জে এসেছেন দাবি করে ২০২৩ সালের ভিডিও প্রচার

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গোপালগঞ্জে এসেছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালে শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের সময় ধারণ করা হয়েছিল বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। ওই বছরের ৬ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া গেছে।

রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০২৩ সালে দুই দিনের সফরে গোপালগঞ্জে গিয়েছিলেন শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই সফরেরই।

এ ছাড়া, ওই সময় শেখ হাসিনার গোপালগঞ্জ সফর নিয়ে দেশীয় একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেসব প্রতিবেদন পর্যালোচনা করেও ভিডিওটির পুরোনো হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানের ভিত্তিতে বলা যায়, শেখ হাসিনার সম্প্রতি গোপালগঞ্জে আসার দাবিটি সঠিক নয়। ২০২৩ সালের সফরের ভিডিওকে নতুন ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।