জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ, আলোচনায় ৯ দল
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নির্ধারণে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দলসহ মোট ৯টি রাজনৈতিক দল। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে জুলাই সনদ ঘিরে সৃষ্ট অচলাবস্থা দূর করতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেএসডির তানিয়া রবসহ অন্যান্য নেতারা।
জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে বিরোধে এখনো সমাধান আসেনি। বিএনপি চায় নির্বাচনদিনে গণভোট, আর জামায়াত চায় নভেম্বরে নোট অব ডিসেন্টমুক্ত গণভোট। সরকার জানিয়েছে, রাজনৈতিক দলগুলো এক সপ্তাহের মধ্যে সমঝোতায় না পৌঁছালে সরকার নিজ সিদ্ধান্ত জানাবে।
বৈঠকের পর গণঅধিকার পরিষদের রাশেদ খান বলেন, “আমরা রাজনৈতিক বিভাজন দূর করে ফেব্রুয়ারির নির্বাচনের পথে ঐক্য গড়তে চাই।” এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “সব দলকেই কিছু না কিছু ছাড় দিতে হবে, না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
দলগুলো জানিয়েছে, বিএনপি-জামায়াতের বাইরে নতুন জোট গঠন নিয়েও আলোচনা চলছে। জনগণের প্রত্যাশা—একটি নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটুক, যা দেশের রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনবে।


