ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
দলের ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, মনোনয়ন ফরম সংগ্রহের তিনটি মাধ্যম রাখা হয়েছে—
১️.সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে,
২️.অনলাইনে,
৩️.অথবা মুখ্য সংগঠক ও বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা, তবে কেউ ইচ্ছা করলে এর চেয়ে বেশি দিতে পারবেন। বিশেষভাবে জুলাই যোদ্ধাদের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
তিনি আরও জানান, ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এনসিপি সর্বাধিক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


