তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে সহকারী শিক্ষকরা!
তিন দফা দাবিতে আজ শনিবার (৮ নভেম্বর) থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে নামছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এই শিক্ষকরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো-
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণ ও বাস্তবায়ন
২. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা
৩. সিলেকশন গ্রেড ও টাইম-স্কেলসহ সব আর্থিক সুবিধা নিয়মিতকরণ
প্রসঙ্গত, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।
গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানায়। তবে তাতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।
আন্দোলনে অংশ নেওয়া অন্য সংগঠনগুলো হচ্ছে-বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও।


