তারেক রহমান দেশে ফিরলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে তার জানা নেই।
তিনি আরও বলেন, ‘যদি কোনো বাধা থেকেও থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ কথাগুলো বলেন।
আইন উপদেষ্টা বলেন, সবচেয়ে ভালোভাবে উপযুক্ত সময় নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে। তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেও উপদেষ্টা মনে করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ান-ইলেভেনের পর ২০০৮ সালে কারাগার থেকে বেরিয়ে যুক্তরাজ্যে যান। এরপর আর তিনি দেশে ফেরেননি।
এর আগে রবিবার এক অনুষ্ঠানে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, ‘তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।’


