কাঠামো সংস্কারে বিজিবিতে নতুন ২ হাজারের বেশি পদ সৃষ্টি!
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বাহিনীটির বিভিন্ন পর্যায়ে নতুন ২ হাজার ২৫৮টি পদ সৃষ্টি করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, নতুন পদগুলো পরিচালক থেকে শুরু করে সৈনিক স্তর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বিজিবিতে মোট পদের সংখ্যা ৫৭ হাজার ৪৭৭ থেকে বেড়ে ৫৯ হাজার ৭৩৫ এ উন্নীত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবির প্রয়োজন ও কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের পর বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রেরণ করে, যা পরে চূড়ান্ত অনুমোদন পায়।
সরকারি নথি অনুসারে, সম্প্রসারিত অর্গানোগ্রামের আওতায় তিনজন পরিচালক, নয়জন অতিরিক্ত পরিচালক ও নয়জন উপ-পরিচালক নিয়োগ দেওয়া হবে। তারা সশস্ত্র বাহিনী থেকে ডেপুটেশনে আসবেন, যেখানে পদগুলো যথাক্রমে লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেনের সমতুল্য।
এ ছাড়া তিনজন পুলিশ পরিদর্শক ডেপুটেশনে কাজ করবেন। বাকিদের নিয়োগ দেওয়া হবে বিজিবি নিয়োগবিধি অনুযায়ী।
সৈনিক পর্যায়ে নতুন পদগুলোর মধ্যে রয়েছে— ৩ জন সুবেদার মেজর, ৫৭ জন নায়েব সুবেদার, ২৪০ জন হাবিলদার, ২৮৫ জন নায়েক, ৩২৭ জন ল্যান্স নায়েক এবং ১ হাজার ২২১ জন সৈনিকসহ মোট ২,১৩৩ জন সদস্য।
বেসামরিক নিয়োগের আওতায় থাকছেন— ৩ জন ইমাম, ৩ জন হিসাবরক্ষক, ৩ জন উচ্চমান সহকারী, ৩ জন টাইপিস্ট, ৩ জন ধাত্রী ও ৩ জন অফিস সহকারী।
এছাড়া বিজিবির গুইমারা হাসপাতালেও জনবল বৃদ্ধি করা হয়েছে; সেখানে ৭ জন হাবিলদার, ৩ জন নায়েক, ৬ জন ল্যান্স নায়েক এবং ১৪ জন সৈনিক নিয়োগ পাবেন।


