...|...|...

অর্থনীতি

জনস্বার্থবিরোধী আইএমএফ কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, সকাল ১১:২২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:০৩
Shares
জনস্বার্থবিরোধী আইএমএফ কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মানুষের স্বার্থ ক্ষুণ্ন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের স্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেই আইএমএফের সাথে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। এ কারণেই বর্তমান সরকার আগের আইএমএফ কর্মসূচি থেকে সরে এসেছে।

রবিবার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য আইএমএফের কাছ থেকে অর্থ পাওয়া নয়, বরং দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ রক্ষা করা। যে কোনো আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া আইএমএফ কর্মসূচিতে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য ছিল না। এসব শর্ত জনস্বার্থের পরিপন্থী হওয়ায় বর্তমান সরকার সেই কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে। এখন এমন একটি নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে, যেখানে দেশের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বর্তমান ভিসানীতিরও সংস্কার প্রয়োজন। অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতি আস্থা বাড়াতে ভিসানীতি সহজ ও আধুনিক করা হবে।

অর্থমন্ত্রীর মতে, ভিসানীতি আধুনিক হলে দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন। এতে দেশের বিনিয়োগ পরিবেশ ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচকভাবে এগিয়ে যাবে।