এনবিআর স্থাপন করলো ১২টি নতুন কমিশনারেট ও বিশেষায়িত ইউনিট!
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর জাল সম্প্রসারণ এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নতুন ১২টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসনে সম্প্রসারণের অংশ হিসেবে মোট ৩ হাজার ৫৯৭টি নতুন পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩ হাজার ২২৪টি নন-ক্যাডার পদ।
বুধবার (১৫ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক বিজ্ঞপ্তিতে জানান, নতুন কাঠামোর আওতায় ৫টি নতুন ভ্যাট কমিশনারেট, ৪টি নতুন কাস্টমস হাউস এবং ৩টি বিশেষায়িত ইউনিট স্থাপন করা হবে। এছাড়া বিদ্যমান দপ্তরগুলোর জনবল বৃদ্ধি, কাঠামোগত সম্প্রসারণ এবং গোয়েন্দা কার্যক্রমের বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই পুনর্গঠনের মাধ্যমে পরোক্ষ কর আহরণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। ফলে দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। রাজস্ব প্রশাসন আধুনিক, কার্যকর ও নাগরিকবান্ধব হবে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নতুন কমিশনারেট ও ইউনিট স্থাপনের মাধ্যমে সরকার রাজস্ব প্রশাসনকে আরও শক্তিশালী করে, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে।


