দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন শত বছরের ঐতিহ্যবাহী টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক ওসমান হারুন। বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরাও।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে ওসমান হারুনের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
১৯৯৪ সালের ১ অক্টোবর টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা জীবন শুরু করেন ওসমান হারুন। এরপর দেখতে দেখতে পেরিয়ে যায় প্রায় ৩২ বছর। দীর্ঘ এই সময়ে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়েছেন তিনি।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস টুমচরী, নবীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের, মাদ্রাসার অন্যান্য শিক্ষক, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে শিক্ষক ওসমান হারুন বলেন, টুমচর মাদ্রাসায় আমার শিক্ষকতা জীবনের ইতি টানতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে কী দিতে পেরেছি জানি না, তবে এই প্রতিষ্ঠান থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমার উস্তাদ, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এই মাদ্রাসার স্মৃতি আজীবন বয়ে বেড়াবো। বিদায় বেলায় সবার কাছে দোয়া চাই, যেন জীবনের বাকি সময়টা আমল-আখলাকের মধ্য দিয়ে কাটাতে পারি।
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধা জানানোয় আবেগঘন হয়ে ওঠে পুরো বিদায় অনুষ্ঠান।


