...|...|...

সংবাদ

হান্নান মাসউদকে হত্যার হুমকি: মূলহোতা আটক

হান্নান মাসউদকে হত্যার হুমকি: মূলহোতা আটক

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, রাত ১:১৮
Shares
হান্নান মাসউদকে হত্যার হুমকি: মূলহোতা আটক


নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।  আটককৃত ব্যক্তির নাম ইসরাত রায়হান (ওরফে অমি)।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটক ইসরাত রায়হান অমি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা এবং এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan Ome’ ও ‘Rupak nandi’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের উদ্দেশে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেসেঞ্জারের স্ক্রিনশটেও হুমকির বিষয়টি দেখা যায়।  এ ঘটনায় ইসরাত রায়হান অমিসহ মোট সাতজনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে।  অন্যরা হলেন— রুপক নন্দী, সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ, প্রেম লাল, নুর হোসেন রহিম, বাবুলাল এবং ওমর ফারুক।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।  এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।