পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় দর্শনার্থীরা ফ্লাইট, আবাসন ও অন্যান্য ভ্রমণসেবা একসাথে যুক্ত করে একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা নিতে পারবেন।
মঙ্গলবার (৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে।
নতুন এই প্যাকেজ ভিসার আওতায় ভ্রমণকারীরা একটি মাত্র আবেদন প্রক্রিয়ার মাধ্যমে পর্যটন ভিসা, যাওয়া-আসার বিমান টিকিট এবং লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার সুবিধা পাবেন। পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও বিশেষ অভিজ্ঞতাও প্যাকেজে যুক্ত করার সুযোগ থাকবে।
এর ফলে আলাদাভাবে ফ্লাইট, হোটেল এবং ভিসার জন্য আবেদন করার ঝামেলা কমবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে এই সেবা দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। অনুমোদিত এজেন্সিগুলোর থাকতে হবে ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা দেওয়ার ব্যবস্থা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
ই-ভিসা চালুর পর থেকে সৌদি আরব অন-অ্যারাইভাল ভিসা, স্টপওভার ট্রানজিট ভিসাসহ পর্যটকদের জন্য বিভিন্ন সহজ প্রবেশব্যবস্থা চালু করেছে। এর ফলে দেশটির পর্যটন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালে সৌদি আরব ২৯ মিলিয়নের বেশি পর্যটক আকর্ষণ করেছে।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা চালুর মাধ্যমে দর্শনার্থীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও নির্বিঘ্ন হবে।
তিনি বলেন, সৌদি আরবের পর্যটন খাত উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। প্যাকেজ ভিসার মাধ্যমে ভ্রমণ ও পর্যটন খাতের অংশীদারদের আরও শক্তিশালী করা এবং পর্যটকদের জন্য স্মার্ট ও সহজ ভ্রমণ নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
সৌদি পর্যটন মন্ত্রণালয়ের আশা, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার আরও সহজ হবে, তারা দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করতে উৎসাহিত হবেন এবং পর্যটন খাতে ব্যয়ও বাড়বে।


