নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের (সাবেক কাবিলপুর ইউনিয়ন) ইয়ারপুর বটতলা বাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত মিছিলে অংশ নেওয়ার অভিযোগ ওঠে ওসি আবদুর রহিম সরকারের বিরুদ্ধে।
এ ছাড়া সেনবাগের বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুর রহিম সরকারকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে তার প্রত্যাহারের পর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) হযরত আলী মিলন।


