...|...|...

আইন ও আদালত

শেয়ার কেলেঙ্কারি:

সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দেবে দুদক

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৫৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪২
Shares
সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দেবে দুদক

ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খুব শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রায় শেষ হয়েছে। বর্তমানে তদন্তের শেষ ধাপের কাজ চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদক জানিয়েছে, অভিযোগপত্র আদালতে দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি।