দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। এ জন্য চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে সর্বশেষ আবহাওয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
সংস্থাটি বলছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


