ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২২ হুন) রাতে তাকে আটক হয়। এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার (২৩ জুন) আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৪৫)। তিনি উপজেলার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, ৮ বছর বয়সী শিশুটি একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ভ্যানচালক ও মা পোশাক কারখানায় কাজ করেন। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মসজিদের ইমামকে খাবার দেওয়া হতো। শুক্রবার (১৯ জুন) শিশুটি তার জন্য দুপুরের খাবার নিয়ে যায়। তখন তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ও দেখান তিনি।
সোমবার শিশুটি স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা করেন। ওই মামলায় ইব্রাহিমকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, শিশুটি ইমামকে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। শুক্রবার ঘটনাটি ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।


