...|...|...

খেলা

মেসির সতীর্থ থেকে এবার ইন্টার মায়ামির কোচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৫
Shares
মেসির সতীর্থ থেকে এবার ইন্টার মায়ামির কোচ

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির সাথে একসময় আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস। এবার সেই মেসিকেই কোচিং করানোর সুযোগ পাচ্ছেন সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার। টানা ব্যর্থতার পর কোচিং স্টাফে পরিবর্তন আনতে গঞ্জালেসকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি মেসির দল। এর মধ্যে চারটিতে হার এবং একটিতে ড্র করেছে তারা। লিগস কাপ ও এমএলএসের নিয়মিত মৌসুমেও প্রত্যাশামতো ফল পায়নি মায়ামি। তবে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এখনো দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

নতুন কোচ হিসেবে গঞ্জালেসের দায়িত্ব নেওয়া অবশ্য কিছুটা সময়ের ব্যাপার। প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট ও অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ডাগআউটে দাঁড়াবেন তিনি। তার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়ের্মো হোয়োস।

এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, গঞ্জালেসের প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পর তার দায়িত্ব শুরু হবে। নতুন কোচ ও তার কোচিং স্টাফ দলের সাথে যোগ দেওয়ার আগ পর্যন্ত হোয়োসই সাময়িকভাবে দল পরিচালনা করবেন।

কোচ হিসেবে গঞ্জালেসের অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল, উনিওন সান্তা ফে ও প্লাতেন্সের মতো ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবেও ইউরোপের বড় ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। রোজারিও সেন্ট্রালের হয়ে ১৯৯৩ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর ভ্যালেন্সিয়া ও জারাগোসার হয়ে লা লিগায় এবং ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ‘ তে খেলেছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতেও খেলেছেন গঞ্জালেস। ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে তার সতীর্থ ছিলেন মেসি। এবার সেই সাবেক সতীর্থেরই কোচ হওয়ার অপেক্ষায় তিনি।

গঞ্জালেস দায়িত্ব নিলে হোয়োসের প্রায় দেড় বছরের অধ্যায়েরও ইতি ঘটবে। ২০২৫ সালের এপ্রিলে হাভিয়ের মাশচেরানো বিদায় নেওয়ার পর প্রথমে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান হোয়োস। এর আগে ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। পরে বিশ্বকাপের পর তাকে স্থায়ী কোচ করা হয়।

হোয়োসের অধীনে মায়ামির শুরুটা অবশ্য ছিল দারুণ। প্রথম আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ২৪ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট সংগ্রহ করে দলটি। ওই সময়ে প্রতিপক্ষের জালে ২৬ গোলও করেছিল তারা। ইন্টার মায়ামির এমএলএস ইতিহাসে কোনো কোচের প্রথম আট ম্যাচে এটিই ছিল সবচেয়ে সফল সূচনা।