...|...|...

সারাদেশ

মায়ের ফেলে যাওয়া দুই শিশু এখন বাবার হেফাজতে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০
Shares
মায়ের ফেলে যাওয়া দুই শিশু এখন বাবার হেফাজতে

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের বিরুদ্ধে দুই কন্যা শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ ওঠার পর শিশু দুটিকে নিজের হেফাজতে নিয়েছেন তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলম। বর্তমানে ৮ বছর বয়সী ইসরাত ও ১৮ মাস বয়সী রোজা মনি তার বাবার কাছেই রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিশু দুটির বাবা নূর মোহাম্মদ নাছির আলম পেশায় একজন অটোরিকশাচাক। প্রায় ১২ বছর আগে নূর মোহাম্মদ ও জেসমিন আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। পরে পারিবারিক মনোমালিন্যের জেরে প্রায় পাঁচ মাস আগে বিচ্ছেদ হয়ে যায়। এরপর দুই শিশুকে নিয়ে জেসমিন তার বাবার বাড়িতে বসবাস করছিলেন।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়ার দক্ষিণ বাজারে আসেন জেসমিন। মুঠোফোনে সাবেক স্বামী নূর মোহাস্মদকে বিষয়টি জানালে তিনি জানান, অটোরিকশা নিয়ে কুমিল্লা শহরে আছেন তিনি। এরপর দুই শিশুকে বাজারে রেখেই জেসমিন কুমিল্লায় চলে যান।

পুলিশ আরও জানায়, এদিকে মাকে না পেয়ে বাজারে ছোটাছুটি করতে থাকে শিশু দুটি। স্থানীয় লোকজন তাদের হেফাজতে রাখে। পরে শিশুটির চাচি শিরিন বেগম বাজারে এসে তাদের শনাক্ত করেন এবং নিজের জিম্মায় বাড়িতে নিয়ে যান। সেখান থেকে বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, দুই শিশুকে সড়কের পাশে রেখে মায়ের চলে যাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি তদন্ত করে পুলিশ। পারিবারিক বিরোধের কারণে প্রায় পাঁচ মাস আগে শিশু দুটির বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। তবে বর্তমানে শিশু দুটি তাদের বাবার হেফাজতে রয়েছে। শিশুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।