...|...|...

বিশ্ব

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৫
Shares
ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইরানের সাথে তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠান এবং তিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাজস্ব আয়ের পথ বন্ধ করতে ওয়াশিংটনের নতুন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নিষেধাজ্ঞার তালিকায় পড়া ভারতের প্রতিষ্ঠান চারটি হলো—পোর্টইজ পার্টনার্স এলএলপি, সদাশিবা ওভারসিজ লিমিটেড, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত তিন ভারতীয় নাগরিক হলেন—পোর্টইজ পার্টনার্সের দুই অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটটেকের প্রাশান্ত গার্গ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, কাস্টমস ব্রোকার প্রতিষ্ঠান পোর্টইজ পার্টনার্স ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে মধ্যস্থতা করেছে। আর সদাশিবা ওভারসিজ বিভিন্ন মাধ্যম থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের ইরানি পেট্রোলিয়াম পণ্য কিনেছে। এ ছাড়া পিপি সফটটেক ও প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স প্রতিটি প্রতিষ্ঠান প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান জেনেশুনে ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য কেনা, পরিবহন, বিপণন বা বড় অঙ্কের লেনদেনে যুক্ত ছিল। এ কারণেই তাদের এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।