বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নাম লেখাতে যাচ্ছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান মিডফিল্ডার ও ফরোয়ার্ড মাইকেল বাবাতুন্দে। আগামী ২০২৬-২৭ মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে। ক্লাবটির ফুটবল ম্যানেজার শহীদ উদ্দীন স্বপন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শুরুর একাদশে ছিলেন বাবাতুন্দে। লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর মুহূর্তেই আহমেদ মুসার সমতাসূচক গোলটিতে অ্যাসিস্ট করেছিলেন তিনি। পরে ম্যাচটি ৩-২ গোলে হেরেছিল নাইজেরিয়া। ২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই ফুটবলার ২০১৪ বিশ্বকাপে দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন।
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে নাইজেরিয়ার হার্টল্যান্ড ছাড়াও ইউক্রেনের ক্রিভবাস, ভলিন লুৎস্ক, দিনিপ্রো, মরক্কোর রাজা কাসাব্লাঙ্কা এবং কাতার, আলবেনিয়া ও উজবেকিস্তানের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। সবশেষ খেলেছেন আলবেনিয়ার কেএস পোগরাদেসিতে।
নতুন মৌসুমের জন্য বিদেশি কোটায় নাইজেরিয়ার ওপরই ভরসা রাখছে আবাহনী। বাবাতুন্দে ছাড়াও দলটিতে যোগ দিয়েছেন অ্যান্থনি ওকাচি, চিনেদু ম্যাথু ও সানডে আফলোবি। এদের মধ্যে চিনেদু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত মুখ।
ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা কাটিয়ে কোচ মারুফুল হকের অধীনে দল গোছাচ্ছে ধানমন্ডির ক্লাবটি। বিদেশি কোটা পূর্ণ হলেও সার্ক কোটা থেকে একজন খেলোয়াড় নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আগামী ৩ সেপ্টেম্বর শেষ হবে এবারের দলবদল।


