পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চাইলে জনগণ সেই ষড়যন্ত্র রুখে দেবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালিতে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগ বিএনপিকে শেষ করতে চেয়েছিল, নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। বরং আওয়ামীলীগই দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি বলেন, আপনাদেরও বলে দিতে চাই, যদি বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে জনগণকে বিভ্রান্ত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান, তাহলে এ দেশের মানুষকে সাথে আপনাদের ষড়যন্ত্র মোকাবিলা করব, বিএনপি মাঠ ছেড়ে পালাবে না।
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এছাড়া ঈশ্বরদীর উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলায় কিছু নামধারী বিএনপি নেতাকর্মীরা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন অপকর্ম করছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে দিয়ে নেতাকর্মীদের আরো সুসংগঠিত করার আহ্বান জানান তারা। এছাড়াও বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা।


