বাংলাদেশ থেকে বিদেশযাত্রায় স্থল ও আকাশপথে ভ্রমণের জন্য সরকারকে নির্দিষ্ট অংকের কর দিতে হয় প্রত্যেক যাত্রীকে। বিগত পাঁচ অর্থবছরে এই খাতে কর আদায়ের ধারাবাহিক অগ্রগতিই প্রমাণ করে বাংলাদেশিদের দেশে ও বিদেশে ভ্রমণ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় নিয়মিত ঘাটতি পরিলক্ষিত হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্রমণ কর আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নিয়মিত পূরণ করে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভ্রমণ কর আদায়ে এনবিআরের সাফল্য অর্জিত হলেও এজন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সরাসরি কোনো পরিশ্রম করতে হয় না বললেই চলে। কারণ, বিমানের টিকেটের ব্যবস্থাপনা করে এয়ারলাইনসগুলো। ফলে বিভিন্ন এয়ারলাইনস টিকিট বিক্রির সময়ই যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর কর্তন করে রাখে- যা সরকারি কোষাগারে জমা হয়। অন্যদিকে, স্থলপথে ভ্রমণ কর আদায়ের কাজও কর কর্মকর্তারা করেন না, এ দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক।
তথ্যমতে, বিগত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ভ্রমণ কর আদায়ে এনবিআরের ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ভ্রমণ কর আদায় হয়েছে ২৪০০ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ২১১১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ২২৫৭ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ১৪৮২ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে আদায় হয়েছিল ৬৭৫ কোটি টাকা।
বিশ্লেষকরা জানান, ভ্রমণ কর আদায়ের তথ্য বলছে- করোনা মহামারির সময় বিদেশ ভ্রমণ বন্ধ থাকায় সে বছর আদায়ও কম হয়। একইভাবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন ও কার্ফিউ থাকার কারণে ভ্রমণ করে কিছুটা ভাটা পরে, ফলে পূর্ববর্তী বছরের তুলনায় আদায় কমে যায়। ২০২৩-২৪ অর্থবছরে নতুন ভ্রমণ কর কার্যকর হলে এনবিআরের রাজস্ব আহরণও বেড়ে যায়।
২০২৩-২৪ অর্থবছর থেকে দেশের যাত্রীদের জন্য নতুন করে ভ্রমণ কর চালু করা হয়। একইসঙ্গে বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও কর বৃদ্ধি করা হয়। সেই মতে, আকাশপথে দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীপ্রতি ২০০ টাকা করে কর দিতে হয়। সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ২০০০ টাকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণের জন্য ৪ হাজার টাকা এবং বিশ্বের অন্যান্য দেশের বেলায় ভ্রমণ কর বাবদ সরকারকে ৬০০০ টাকা দিতে হয়। আকাশপথ ছাড়া স্থল ও সমুদ্রপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কর বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়।
সূত্র জানায়, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটাতে রাজস্ব আহরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সরকার। এরই অংশ হিসেবে উৎসে কর আদায়ের জন্য আয়কর আইন-২০২৩ এর ১৪৭ ধারা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। এমনকি সংবাদ বিজ্ঞপ্তিও দেয়, যা পরে প্রত্যাহার করে নেওয়া হয় বিভিন্ন মহলের সমালোচনার প্রেক্ষিতে। আইন অনুযায়ী অভিযান অব্যাহত রেখেছে এনবিআর।
আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী, কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসাকেন্দ্র বা দপ্তরে প্রবেশ করে সরেজমিন পরিদর্শন করতে পারবেন। এমনকি প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম-সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা ও তলব করার ক্ষমতাও রয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা করাও যাবে। প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙেও তথ্যে প্রবেশাধিকার রয়েছে।
এসবের সত্যতা পাওয়া যায় কর অঞ্চল-১, ঢাকা এর কমিশনার শারমিন ফেরদৌসীর কথাতেও। বরাবরের মতো চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ভ্রমণ কর আদায় আশাব্যঞ্জক হবে বলেও আশা করেন তিনি।
এই কর কর্মকর্তা বলেন, “ভ্রমণ কর প্রদানে কেউ যেন ফাঁকি দিতে না পারে সেজন্য ১৪৭ ধারা প্রয়োগ অব্যাহত রয়েছে। আশা করছি, গত অর্থবছরের মতো এবারও ভ্রমণ কর আদায়ে সফল হবো। এখন পর্যন্ত যতটুকু আদায় হয়েছে তা ইতিবাচক ধারায় রয়েছে।”

