...|...|...

খেলা

বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৫
Shares
বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান গেমসের পুরুষ হকির ম্যাচ শুরুর আগে অপ্রত্যাশিত এক ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের। শুক্রবার জাপানের গিফুর গ্রিন স্টেডিয়ামে ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে বাজানো হয় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাতীয় সংগীত বাজানো শুরু হলে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা বুঝতে পারেন, প্রচারিত সংগীতটি তাদের দেশের নয়। ফলে কয়েকজন খেলোয়াড়কে কিছুটা বিভ্রান্ত অবস্থায় দেখা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে স্টেডিয়ামের ঘোষক দ্রুত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, রিপাবলিক অব কোরিয়ার জাতীয় সংগীত বাজানোর কথা থাকলেও ভুল করে ভিন্ন একটি সংগীত চালু হয়ে গিয়েছিল।

দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো নিষিদ্ধ। ফলে দুই দেশের রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে এ ঘটনাটি বিশেষভাবে স্পর্শকাতর হয়ে ওঠে। তবে এ ঘটনায় এশিয়ান গেমসের আয়োজক কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় সংগীত নিয়ে এমন বিব্রতকর পরিস্থিতির পর মাঠের খেলায় অবশ্য প্রভাব পড়েনি দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়ে ম্যাচ শেষ করেছে তারা।

এদিকে এশিয়ান গেমসের আয়োজনে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ উঠেছে। দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল দলের খেলোয়াড়রা আবাসনের কক্ষ ছোট হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে পুরুষ ফুটবল দলের অনুশীলন ও প্রস্তুতিতেও পরিবহনসংক্রান্ত সমস্যার প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে।