...|...|...

চাকরি

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৪৮০০ আসনে লড়াই ৫২ হাজার প্রার্থীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৪৮০০ আসনে লড়াই ৫২ হাজার  প্রার্থীর

ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদফতরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় অংশ নেন ৫২ হাজার ২০০ প্রার্থী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির প্রশিক্ষণ বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অষ্টম ব্যাচে সারা দেশে ৪ হাজার ৮০০টি আসনের বিপরীতে আবেদন করেন ৮১ হাজার ৪০০ জন। যাচাই-বাছাই শেষে ৫২ হাজার ২০০ আবেদনকারীকে বৈধ হিসেবে বিবেচনা করা হয়। তাদের নিয়েই শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। দেশের অন্যান্য জেলাতেও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।

রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৫০০ প্রার্থী।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামীকাল রবিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচ।

যুব উন্নয়ন অধিদফতরের তথ্য অনুযায়ী, প্রকল্পটির আওতায় এরই মধ্যে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৩৫৪ জন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছেন।

প্রশিক্ষণ নেওয়া এসব ফ্রিল্যান্সারের মোট আয় প্রায় ৩৪ লাখ ৩৯ হাজার ৮০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪২ কোটি ৩০ লাখ টাকা।