...|...|...

চট্টগ্রাম

ফেনীতে ৭৭ লাখ টাকার অ্যালুমিনিয়াম তারসহ গ্রেফতার ২২

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৪
Shares
ফেনীতে ৭৭ লাখ টাকার অ্যালুমিনিয়াম তারসহ গ্রেফতার ২২

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত, পরোয়ানাভুক্ত এক মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা কাভার্ডভ্যানের মালামাল চুরি চক্রের এক সদস্যসহ মোট ২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি করা প্রায় ৭৭ লাখ টাকা মূল্যের অ্যালুমিনিয়াম তার উদ্ধার করা হয়।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, চট্টগ্রাম থেকে গাজীপুরে ১২ প্যাকেজ অ্যালুমিনিয়াম ওয়্যার নিয়ে যাচ্ছিলেন কাভার্ডভ্যানচালক জাহাঙ্গীর আলম (৪১)। গন্তব্যে ১১ প্যাকেজ পৌঁছে দিলেও ফেনী মডেল থানার ১ নম্বর শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় কৌশলে একটি প্যাকেজের অ্যালুমিনিয়াম ওয়্যার আত্মসাৎ করেন তিনি। ওই প্যাকেজে থাকা তারের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৯৬ হাজার টাকা।

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ফেনী সদর থানায় মামলা করা হয়। মামলার পর এসআই সৈয়দ আহমদ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি নুরুল আমিন বাবু পাটোয়ারীর (৪৮) খামারে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ওই খামার থেকে ৩৬টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১৯ হাজার ৫০ কেজি ৯ দশমিক ৫ এমএম অ্যালুমিনিয়াম ওয়্যার উদ্ধার করা হয়। উদ্ধার করা তারের আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা।

এদিকে, ডাকাতির প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চুরি, ডাকাতি ও মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।