...|...|...

চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর ফেনী সফরে মিলবে উন্নয়নের নতুন বার্তা: সমাজকল্যাণ মন্ত্রী

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৬
Shares
প্রধানমন্ত্রীর ফেনী সফরে মিলবে উন্নয়নের নতুন বার্তা: সমাজকল্যাণ মন্ত্রী

আগামী ১৭ সেপ্টেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফুলগাজী সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ফেনীর ফুলগাজীতে। সফরকে সামনে রেখে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দফতর ও স্থানীয় পর্যায়ের আয়োজকদের ব্যস্ততা বেড়েছে। সম্ভাব্য গমনপথ, জনসভাস্থল ও আশপাশের এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মাঠের সার্বিক অবস্থা ও জনসভা আয়োজনের সম্ভাব্য ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভাস্থল পরিদর্শন শেষে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজীর মানুষের ভাগ্যোন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বার্তা নিয়ে আসছেন।’

তিনি জানান, তারেক রহমানের সফরকালে ফ্যামিলি কার্ড উদ্বোধন, টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন, সোলার স্থাপন এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হবে।

এদিকে সফরকে কেন্দ্র করে ফুলগাজী উপজেলা পরিষদ এলাকা ও প্রধান সড়কের দুই পাশে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। পাশাপাশি বিভিন্ন পুল-কালভার্টে রং করা হচ্ছে। সম্ভাব্য জনসভাস্থল ও এর আশপাশের এলাকাগুলোও সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজে পরিচ্ছন্নতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য গমনপথের সড়কগুলোতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোথাও ভাঙাচোরা অংশ মেরামত, কোথাও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং কোথাও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। দীর্ঘদিনের ব্যবহারে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সফর নির্বিঘ্ন করতে অবকাঠামোগত প্রস্তুতির পাশাপাশি বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক লাইন, মোবাইল নেটওয়ার্কসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য কোনো ত্রুটি বা ঝুঁকি যাতে সফরের সময় সমস্যার সৃষ্টি না করে, সেজন্য সংশ্লিষ্ট দফতরগুলো আগাম প্রস্তুতি নিচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সফর সফল করতে দলীয় পর্যায়েও চলছে নানা প্রস্তুতি। সম্ভাব্য জনসমাগম, সভাস্থল, প্রবেশপথ ও আশপাশের এলাকার ব্যবস্থাপনা নিয়েও কাজ করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে ১৭ সেপ্টেম্বরের সম্ভাব্য সফরকে সামনে রেখে ফুলগাজীর বিভিন্ন সড়ক, স্থাপনা ও জনসভাস্থলে চলছে ব্যাপক প্রস্তুতি। পরিচ্ছন্নতা, সংস্কার, রং ও সৌন্দর্যবর্ধনের কাজের কারণে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে সফরকে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।