...|...|...

আবহাওয়া

নতুন লঘুচাপের সম্ভাবনা, চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৮:২৯
Shares
নতুন লঘুচাপের সম্ভাবনা, চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের চার বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৯ দশমিক ৩ মিলিমিটার।