উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, লঘুচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল রাত অথবা পরবর্তী সকালের মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে। তবে লঘুচাপটি মূলত ভারতের উড়িষ্যার দিকে যাবে।
তিনি বলেন, এর প্রভাবে খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি সিলেটেও বৃষ্টির প্রভাব থাকবে। তবে ঢাকায় লঘুচাপের প্রভাব তুলনামূলক কম থাকবে এবং সেখানে মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২৬ মিলিমিটার।


