...|...|...

শিক্ষা

পর্দার বিধান সুরক্ষা

দাওরায়ে হাদিস পরীক্ষায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৩
Shares
দাওরায়ে হাদিস পরীক্ষায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

পর্দার বিধান বজায় রাখার পাশাপাশি পরীক্ষার্থী শনাক্তকরণ আরও নির্ভুল করতে দাওরায়ে হাদিস পরীক্ষায় ছাত্রীদের নিবন্ধনের সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর শীর্ষ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির স্থায়ী কমিটির ৬৮তম সভায় গত ৪ জুলাই এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, ১৪৪৮ হিজরি বা ২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় অংশ নিতে নিবন্ধনের সময় প্রত্যেক ছাত্রীকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো ছাত্রী পরীক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করা যাবে না।

আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, প্রায় এক দশক ধরে তাদের অধীনে দাওরায়ে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতদিন নিবন্ধনের সময় ছাত্রদের অনলাইনে ছবি নেওয়া হলেও ছাত্রীদের ক্ষেত্রে পর্দার বিষয়টি বিবেচনায় নিয়ে ছবি সংগ্রহ করা হতো না।

এবার ছাত্রীদের ছবি নেওয়ার পরিবর্তে পরিচয় শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্দার বিধানও বজায় থাকবে এবং পরীক্ষার্থীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও আরও নির্ভুল হবে বলে জানিয়েছে সংস্থাটি।

নির্দিষ্ট মডেলের স্ক্যানার ব্যবহারের নির্দেশ

ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য নির্দিষ্ট মডেলের ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আল-হাইআতুল উলয়া জানিয়েছে, অন্য ব্র্যান্ড বা মডেলের স্ক্যানার ব্যবহার করলে সফটওয়্যার সংযুক্তি এবং তথ্য মিলিয়ে দেখার ক্ষেত্রে কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এ কারণে মাদ্রাসাগুলোকে নিজেদের উদ্যোগে বিকল্প মডেলের ডিভাইস না কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

বাজারে ডিভাইসের সংকট

নির্দিষ্ট মডেলের স্ক্যানার সহজে পাওয়া যাচ্ছে না—বিভিন্ন মাদ্রাসার এমন অভিযোগের বিষয়টিও বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, কোনো নির্দিষ্ট ব্যবসায়ী বা বিক্রেতাকে ডিভাইস সরবরাহের দায়িত্ব দেওয়া হয়নি।

একসাথে দেশের বিপুলসংখ্যক মহিলা মাদ্রাসার জন্য একই ধরনের ডিভাইস প্রয়োজন হওয়ায় বাজারে সাময়িকভাবে চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে বলে জানানো হয়েছে।

তবে যেসব মাদরাসা এখনো ডিভাইস সংগ্রহ করতে পারেনি, তারা কাছাকাছি এমন কোনো মাদ্রাসার সহায়তা নিতে পারবে, যারা ইতোমধ্যে নির্ধারিত স্ক্যানার সংগ্রহ করেছে। ওই মাদরাসার সহযোগিতায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কাজ সম্পন্ন করা যাবে।

আল-হাইআতুল উলয়া জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ছাত্রীদের পর্দা বজায় রেখে পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়ায় পরিচয় যাচাই আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করা হবে।