...|...|...

জাতীয়

ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১:৪২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:১২
Shares
ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি এখনও কাজ করছে। দুই দেশের পারস্পরিক সুবিধামতো সময়েই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সাথে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দফতরে আসেন নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।  

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধামতো সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান তিনি।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

এদিকে জ্বালানি সহযোগিতার বিষয়েও বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে বলে জানান হুমায়ুন কবির। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশের সাথে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।