...|...|...

খেলা

টেস্ট ইতিহাসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, রাত ১০:৩৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৯
Shares
টেস্ট ইতিহাসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

ঋষভ পন্ত। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে নতুন এক উচ্চতায় পৌঁছে গেলেন ঋষভ পন্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের চতুর্থ দিনে পেসার লাহিরু কুমারাকে ছক্কা মেরে প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ১০০টি ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

টেস্ট ইতিহাসের ১৪৯ বছরে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিরল নজির গড়ার রেকর্ড এখন পন্তের দখলে। মাত্র ৫১তম টেস্টে ১০০ ছক্কার ক্লাবে ঢুকেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের, যিনি ৮২তম টেস্টে ১০০ ছক্কা হাঁকিয়েছিলেন। অর্থাৎ ৮০টির কম ম্যাচ খেলে সেঞ্চুরি ছক্কার স্বাদ পাওয়া একমাত্র ব্যাটার এখন পন্ত।

সামগ্রিকভাবে টেস্টে ১০০টি বা তার বেশি ছক্কা মারা বিশ্বের চতুর্থ ব্যাটার পন্ত। তালিকায় তার ওপরে রয়েছেন বেন স্টোকস (১৩৮ ছক্কা), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০৭ ছক্কা) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (১০০ ছক্কা)।

চলতি টেস্ট শুরুর আগে পন্তের ছক্কা ছিল ৯৭টি। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের ৯৮ ছক্কার রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ১০০ ছক্কার মাইলফলক পার হন।

ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মা। দুজনই মেরেছেন ৯১টি করে ছক্কা। তাদের টপকে ভারতের হয়ে ছক্কার শীর্ষে এখন পন্ত।

একনজরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা (প্রতি ছক্কায় বলের গড়):
১৩৮ - বেন স্টোকস (৯০.০৫ বল)
১০৭ - ব্রেন্ডন ম্যাককালাম (৯৩.৩৯ বল)
১০০* - ঋষভ পন্ত (৪৯.২ বল)
১০০ - অ্যাডাম গিলক্রিস্ট (৬৭.৯২ বল)