...|...|...

খেলা

জয়ের পর ইসরায়েলকে অপমান করল আয়ারল্যান্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৩
Shares
জয়ের পর ইসরায়েলকে অপমান করল আয়ারল্যান্ড

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে ইসরায়েলকে বড় ব্যবধানে হারিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। মাঠের বাইরের নানা বিতর্ক ও দলের ভেতরের মতপার্থক্যের মধ্যেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে আইরিশরা। ম্যাচ শুরুর আগে দুই দলের প্রচলিত করমর্দনে অংশ নেননি আইরিশ ফুটবলাররা। ম্যাচে তিনটি গোলই করে প্রথমার্ধে, আর দ্বিতীয়ার্ধে ইসরায়েলকে আর কোনো সুযোগ দেয়নি আয়ারল্যান্ডের রক্ষণ।

রবিবার রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হয় নেশনস লিগের ম্যাচটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আয়ারল্যান্ড মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিনবার ইসরায়েলের জালে বল পাঠায়। ম্যাচের ১৪ মিনিটে ট্রয় পারটের গোলে প্রথমবার এগিয়ে যায় তারা। এর দুই মিনিট পর অ্যাডাম ইদাহ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ২৫ মিনিটে জ্যাক ময়েলানের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আইরিশরা।

ম্যাচের আগে আইরিশ খেলোয়াড়দের প্রতিবাদও আলোচনায় আসে। গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে দলের কয়েকজন খেলোয়াড় ম্যাচ বয়কটের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে গোলডটকম জানিয়েছে। শেষ পর্যন্ত ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সিদ্ধান্ত মেনে তারা মাঠে নামেন।

এ ছাড়া খেলোয়াড়দের কয়েকজন কালো আর্মব্যান্ড পরেন। ইসরায়েলের জাতীয় সংগীত চলার সময়ও কয়েকজন আইরিশ খেলোয়াড় মাথা নিচু করে থাকেন। এ অবস্থানের ধারাবাহিকতায় নিয়মিত গোলরক্ষক গ্যাভিন বাজুনু ব্যক্তিগত সিদ্ধান্তে দল থেকে নিজেকে সরিয়ে নেন।

গোলের পর জ্যাক ময়েলানের উদযাপনও নজর কাড়ে। গোল করার পর নিজের বাহু থেকে কালো আর্মব্যান্ড খুলে গ্যালারির দিকে তুলে ধরেন তিনি। এরপর সেটিতে চুমু দেন এই আইরিশ ফরোয়ার্ড।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইসরায়েল। তবে আয়ারল্যান্ডের সংগঠিত রক্ষণভাগের সামনে তেমন কোনো কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে হেইমির হালগ্রিমসনের দল।

ম্যাচ শেষে আয়ারল্যান্ডের কোচ হালগ্রিমসন জানান, দলকে প্রস্তুত করা এবং খেলোয়াড়দের মানসিক পরিস্থিতি সামলানো তার কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল।

এই জয়ে নেশনস লিগে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ পয়েন্টে। আগামী বৃহস্পতিবার গ্রুপের শীর্ষ দল অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে, টানা হারে পয়েন্ট তালিকার নিচের দিকেই থাকল ইসরায়েল।