...|...|...

জাতীয়

চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

টাইমস টুডে
আপডেট: ১ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
চার দিনের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের শেষ দিনে শুক্রবার (২৬ জুন) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বৃহস্পতিবার (২৫ জুন) এই সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছিলেন। শুক্রবারের এই বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার বিকেলে চীনের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি ছিয়াং-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, যা দেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সোমবার (২২ জুন) রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। দালিয়ানে দুদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বুধবার (২৪ জুন) বিকেলে রাজধানী বেইজিংয়ে পা রাখেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ দিনে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথেও গ্রেট হলে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর তিনি চীনের ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন।
টানা চার দিনের অত্যন্ত ব্যস্ত ও সফল এই সফর শেষে শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।