গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। একই সাথে তারা ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রমের সাথে যুক্ত না হওয়ার অঙ্গীকার করেছেন।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১টার দিকে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগকারী নেতারা হলেন-কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সত্যেন্দ্র নাথ সরকার, বাদল বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, দীপক মল্লিক ও ব্যাসদেব মল্লিক এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিরামন বিশ্বাস।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সত্যেন্দ্র নাথ সরকার বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া আইনগত জটিলতার কারণেও তারা আর দলটির সাথে যুক্ত থাকতে অনিচ্ছুক।
তিনি বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ তাদের নেই।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আজ ২৩ আগস্ট থেকে আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজকের পর আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
এ সময় পদত্যাগকারী নেতাদের কয়েকজন অনুসারীও উপস্থিত ছিলেন।


