মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসতবাড়িতে ঢুকে একটি প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী রাতে বাড়ির সামনে নিজের মালিকানাধীন প্রাইভেটকারটি পার্ক করে ঘুমিয়ে পড়েন। ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের সামনে রাখা টয়োটা করোলা ব্র্যান্ডের প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুনে গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকলে একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কুতুবউদ্দিন আহমেদ। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


