...|...|...

খুলনা

খুলনায় লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৩:১৯ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৯:৪৮
Shares
খুলনায় লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

খুলনার হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোড এলাকার বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা জানান, পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত।

বুধবার (২৯ জুলাই) বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে লেকে লাশ পাওয়ার খবর পেয়ে তার বাবা-মা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

পুলিশ জানায়, সোয়েব সাঁতার জানত না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি দেখে লেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এতে পানিতে ডুবে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথায় একটি আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।