...|...|...

রাজধানী

ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের এতিম সোহানা, জীবন বাঁচাতে সহযোগিতা কামনা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৬
Shares
ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের এতিম সোহানা, জীবন বাঁচাতে সহযোগিতা কামনা

ছবি: টাইমস টুডে

মাত্র ১৩ বছর বয়স, সপ্তম শ্রেণীতে পড়াশোনা করা ছোট্ট একটি মেয়ের জীবন এখন থমকে গেছে বোনম্যারো ক্যানসারের মতো এক মরণব্যাধির কারণে। বাবা হারানোর পর থেকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে যাওয়া এই শিশুটির চিকিৎসায় ইতোমধ্যে ৩০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। বর্তমানে তাকে সম্পূর্ণ সুস্থ করতে প্রয়োজন আরও প্রায় ৩০ লাখ টাকা।

পরিবার ও চিকিৎসকদের সূত্রে জানা যায়, ছোট্ট সোহানার পথচলা শুরু হয়েছিল সাধারণ জ্বর দিয়ে। জ্বর সেরে যাওয়ার কথা থাকলেও তা বারবার ফিরে আসত এবং শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে সিবিসি রিপোর্ট খারাপ আসায় তাকে হেমাটোলজি বিভাগে দেখানো হয় এবং পরীক্ষা-নিরীক্ষায় বোনম্যারো ক্যানসার ধরা পড়ে।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. কামরুল হাসানের অধীনে সোহানার কেমোথেরাপি ও চিকিৎসা চলছে। টানা কেমোথেরাপির কারণে তার হাত সম্পূর্ণ জ্বলে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ইনজেকশন দিতে দিতে অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ করতে হলে অবিলম্বে বোনম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) করাতে হবে, যার জন্য দেশ বা দেশের বাইরে প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন।

পরিবারে একমাত্র উপার্জনক্ষম বাবা মারা যাওয়ার পর থেকে চার সদস্যের এই পরিবারের সব খরচ ও চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার মা। যা কিছু সম্পদ বা সম্বল ছিল, সবই বিক্রি কিংবা বন্ধক দেওয়া হয়েছে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং স্থানীয় স্কুল-কলেজ-মাদ্রাসার মানুষের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালানো সম্ভব হলেও এখন আর বিশাল এই অর্থের জোগান দেওয়া পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।