...|...|...

খেলা

কোনো ম্যাচের পর এই প্রথম আমি লজ্জা অনুভব করছি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫২
Shares
কোনো ম্যাচের পর এই প্রথম আমি লজ্জা অনুভব করছি

লুকা মদ্রিচ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কাছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের পর ক্ষোভ ও হতাশা লুকাননি ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। ঘরের মাঠে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই হারকে নিজের ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে লজ্জাজনক রাতগুলোর একটি বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।  

শনিবার (৩ অক্টোবর) রাতের ম্যাচে ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দেয় ইংল্যান্ড। হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুটি করে গোল করেন। এ ছাড়া অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও মরগান রজার্স একটি করে গোল করে ইংল্যান্ডের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

স্বাধীন দেশ হিসেবে ১৯৯১ সালে আত্মপ্রকাশের পর এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় ব্যবধানে হার। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের লড়াকু মানসিকতা ও সাফল্যের জন্য পরিচিত দলটির জন্য এই ফল তাই বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

স্পেনের বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেছিলেন মদ্রিচ। কিন্তু ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে কোনো রাখঢাক রাখেননি তিনি।

মদ্রিচ বলেন, ‘এমন পারফরম্যান্সের ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। আমাদের মধ্যে দ্বৈরথ ছিল না, ফাউল ছিল না, আগ্রাসন ছিল না, ঐক্যও ছিল না। আমি এখানে ২০ বছর ধরে খেলছি, কিন্তু জাতীয় দলের হয়ে কোনো ম্যাচের পর এই প্রথম আমি লজ্জা অনুভব করছি।’

ইংল্যান্ডের কাছে শুধু হার নয়, যেভাবে দলটি আত্মসমর্পণ করেছে; সেটিই বেশি হতাশ করেছে মদ্রিচকে।

মদ্রিচের ভাষ্য, ‘এই মুহূর্তে তারা আমাদের চেয়ে ভালো, এ কারণে আপনি হারতেই পারেন। কিন্তু এভাবে হেরে বছরের পর বছর ধরে আমরা যে সুনাম অর্জন করেছি, সেটাকে নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি খুবই লজ্জিত।’