ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ছাত্রদল নেতাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে ও সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে পশ্চিম আউড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তর হাওলাদার ও মো. জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়। জানা গেছে, অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তিনি নিজে মাদক সেবন করে এবং পাশাপাশি এলাকায় মাদক বিক্রি করে। ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে এলাকায় মাদকের ব্যবসা ওপেনে চালিয়ে যেত।
কাঁঠালিয়া থানার ওসি মো. নাছের রায়হান বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আগামীকাল সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


