মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তেলের দাম বাড়াতে ‘ভুয়া হামলা, মাইন ও অন্যান্য ঘটনা’ সাজিয়েছে ইরান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।
একইসাথে ইরানের বিরুদ্ধে বিক্ষোভকারীসহ অন্যদের হত্যার অভিযোগ তুলে দেশটিকে ‘একটি দুষ্ট শাসনব্যবস্থা’ বলে আখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে ইরান তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। তারা এমনকি ভুয়া হামলা, মাইন এবং অন্যান্য সবকিছুর ঘটনাও সাজিয়ে তুলছে। কারণ সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি তেল পরিবাহিত হচ্ছে।’
এ ছাড়া ইরান বিক্ষোভকারীদের এবং ‘যারা তাদের পথে পড়ে যাচ্ছে’, এমন অন্যদের হত্যা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ‘একটি দুষ্ট শাসনব্যবস্থা’ বলে অভিহিত করেন।
পোস্টের শেষে ট্রাম্প লিখেছেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।’


