...|...|...

খেলা

ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বাবরের চোট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, দুপুর ২:৪৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৯
Shares
ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বাবরের চোট

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে পাকিস্তান শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। প্রস্তুতি ম্যাচে ডান হাতে চোট পেয়েছেন দলের অন্যতম ভরসা বাবর আজম। তবে চোট গুরুতর নয় বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা নেই।

ইংল্যান্ডে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটে। ব্যাটিংয়ের সময় বল ডান হাতে আঘাত করলে মাত্র ৫ রান করে মাঠ ছাড়েন বাবর। দলের চিকিৎসক তাকে পরীক্ষা করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচের বাকি অংশে আর খেলানো হয়নি।

পিসিবি জানিয়েছে, চিকিৎসকের পরামর্শেই বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং এটি শুধুই সতর্কতামূলক সিদ্ধান্ত। বোর্ডের এক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, আগামী ১৭ আগস্ট, সোমবার হেডিংলিতে পাকিস্তানের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে বাবরের।

বুধবার (১৯ আগস্ট) হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন টেস্টের সিরিজ। অনুশীলনে বাবরের ফেরার সম্ভাবনা তাই পাকিস্তান শিবিরে স্বস্তি এনে দিয়েছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ৩১ বছর বয়সী এই ব্যাটার ইংল্যান্ড সফরেও দলের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা। আপাতত তার প্রথম টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তার কোনো ইঙ্গিত দেয়নি পিসিবি।