ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ও।
বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
তবে এ নির্দেশনা শুধু ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেশের অন্যান্য এলাকার ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম এ নির্দেশনার আওতায় বন্ধ থাকবে না।


