...|...|...

ঢাকা

আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, দুপুর ২:৪০ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, রাত ১২:১৭
Shares
আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস

সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না। শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দেব না।’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, তারেক রহমান, গণঅভ্যুত্থানের পর আপনি বাংলাদেশে এসেছেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িত থাকে এবং নিরীহ মানুষের ওপর জুলুম করে, তবে সেই দায়ও আপনাকেই নিতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সারজিস আলম বলেন, আপনারা কাজের মাধ্যমে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনুন। মনে রাখবেন, প্রত্যেকটি দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। বিবেক বিসর্জন দিলে নিজের কাছেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যদি আবার সীমান্তে হত্যা হয়, সীমান্ত দিয়ে পুশইন করা হয় বা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন আমরা দেখব না কে সরকারে আছে বা তাদের অবস্থান কী ছিল।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সরকারের সমালোচনা করে বলেন, আগে বলা হতো খাম্বা আছে, বিদ্যুৎ নেই। এখন বলা হচ্ছে বিদ্যুৎ আছে, খাম্বা নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ৮০০ বছর আগে লক্ষ্মণ সেন পালিয়ে গেছেন, পরে শেখ হাসিনাও পালিয়েছেন। আর কোনো শাসক এভাবে পালিয়ে যাননি।

আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ করেন, সমস্যা নেই। তবে নতুন করে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনাদের নেতা বিদেশে আরামে জীবনযাপন করছেন, আর দেশের গরিব মানুষকে বোমাবাজিতে ব্যবহার করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

পরে সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রায় অংশ নেন। পথসভা শেষে তারা সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।