বরিশালে একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে মারধর ও শারীরিক নির্যাতন করে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রাতে বরিশাল নগরীর সদর রোড এলাকার একটি অফিসে বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ সময় তাকে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প ও একাধিক চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ঘটনাটি সামনে আসার পর থেকেই ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। রবিবার দুপুরে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো ধরনের অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।


