...|...|...

খেলা

WWE তে ফিরছেন কিংবদন্তি রেসলার দ্য রক, দেখা যাবে ওয়ারগেমসের মঞ্চে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৯
Shares
WWE তে ফিরছেন কিংবদন্তি রেসলার দ্য রক, দেখা যাবে ওয়ারগেমসের মঞ্চে

‘দ্য রক’ জনসন। ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর আবারও ডব্লিউডব্লিউইর (WWE) মঞ্চে ফিরছেন হলিউড তারকা ও কিংবদন্তি রেসলার ডোয়াইন ‘দ্য রক’ জনসন। আগামী সপ্তাহে সারভাইভার সিরিজে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ায় রেসলিংপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে এবারের আয়োজনে তিনি রিংয়ে লড়াই করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

বুধবার (১৮ নভেম্বর) ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে এক সাক্ষাৎকারে নিজেই ডব্লিউডব্লিউইতে ফেরার কথা জানান দ্য রক। আগামী ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অনুষ্ঠিত হবে সারভাইভার সিরিজ: ওয়ারগেমস ২০২৬। এবারের আসরটি হতে যাচ্ছে প্রতিযোগিতাটির ৪০তম আয়োজন। একই সাথে পেশাদার রেসলিংয়ে দ্য রকের ৩০ বছর পূর্তির উদ্‌যাপনও ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ।

দ্য রকের ফেরার খবরটি পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হিউস্টনে অনুষ্ঠিতব্য সারভাইভার সিরিজে উপস্থিত থাকবেন এই হলিউড তারকা। কয়েক মাস ধরেই তার ফিরে আসা নিয়ে নানা জল্পনা চলছিল। বিশেষ করে রেসলিংয়ে তার তিন দশক পূর্তির আয়োজনে তিনি থাকবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল।

তবে এবারের অনুষ্ঠানে দ্য রকের উপস্থিতি মানেই রিংয়ে লড়াইয়ে নামা নয়। এখন পর্যন্ত তার জন্য কোনো ম্যাচ ঘোষণা করেনি ডব্লিউডব্লিউই। অনুষ্ঠানে তিনি কী ভূমিকায় থাকবেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

শোতে নিজের ফেরার ঘোষণা দিতে গিয়ে দ্য রক বলেন, ‘আপনারা আমার আপনজন। আমরা সরাসরি সম্প্রচারে আছি, আর এমন মুহূর্তেই আমি নিজের মতো করে কথা বলতে পছন্দ করি। সত্যি বলতে, আগামী সপ্তাহের অনুষ্ঠান আমি কোনোভাবেই মিস করতে চাই না। তাই আমি হিউস্টনে যাচ্ছি। হিউস্টন, আমাদের কোনো সমস্যা নেই। আমি সারভাইভার সিরিজে থাকব।’

দ্য রকের এই ঘোষণার পর সারভাইভার সিরিজের এবারের আয়োজন নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। বিশেষ করে তার উপস্থিতি অনুষ্ঠানে নতুন কোনো চমক নিয়ে আসে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।