রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত নজরুল ইনস্টিটিউটে শিশু-কিশোরদের নিয়ে ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকেই নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণ দেখা যায়। প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।
রং-তুলির আঁচড়ে খুদে শিল্পীরা দেশের নদী, প্রকৃতি, ঐতিহ্য, সম্প্রীতি ও স্বাধীনতার গল্প ক্যানভাসে ফুটিয়ে তোলে। তাদের আঁকা ছবিতে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাশাপাশি সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা উঠে আসে। শিশুদের স্বপ্ন ও কল্পনার এই স্বাধীন বহিঃপ্রকাশ মুগ্ধ করে উপস্থিত সবাইকে।
প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল ‘আমাদের নদী’। ‘মেঘনা’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘স্বাধীনতা ও সম্প্রীতি’ এবং ‘যমুনা’ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘চেতনায় বাংলাদেশ’ বিষয়ে ছবি আঁকে। তিন বিভাগে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল আহমেদ খুদে শিল্পীদের দেশ ও মানুষকে ভালোবেসে ছবি আঁকার আহ্বান জানান। তিনি বলেন, সুন্দর জীবন গড়তে হলে দেশের ইতিহাস ধারণ করতে হবে। পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করার উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।
আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মনে দেশপ্রেমের বীজ বপন এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী সব শিশুর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।


